ফের বাড়ল সোনার দাম, এবার ভরি কত?
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এ সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হবে।
আজ সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি সকাল ১০টা ১৫ মিনিট থেকে ২২ ক্যারেট সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। দুই দিনের মাথায় আবারও দাম বাড়ানো হলো।
নতুন দরে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট সোনার ভরি ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার ভরি ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারির সিদ্ধান্ত অনুযায়ী ২১ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা। সোমবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এসব দামেই সোনা বিক্রি হয়েছে।
সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৪ হাজার ৮২ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।