চাইলেও শূন্য পদে শিক্ষক দেওয়া যাচ্ছে না, অসহায়ত্ব প্রকাশ করে কারণ জানালেন শিক্ষা সচিব
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদে চাইলেও দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে অসহায়ত্ব প্রকাশ করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। তাঁর মতে, বিভিন্ন প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা পাওয়ায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে পদগুলো খালি পড়ে থাকলেও দ্রুত উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল খালেক বলেন, “আগে শিক্ষা মন্ত্রণালয়ের হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল; এমনকি শিক্ষা সচিবেরও শিক্ষক নিয়োগ দেওয়ার সুযোগ ছিল। আমি ভালো শিক্ষক নিয়োগ দিতে চাই, ভালো পদ্ধতি চালু করতে চাই। কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখন পিএসসির প্রয়োজন হচ্ছে। পদগুলো খালি পড়ে আছে। আমি অসহায়।”
শিক্ষক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “এর মধ্যে এমপিওভুক্ত শিক্ষকরা রাস্তায় মিছিল-মিটিং করেন। নতুন নীতিমালা করতে গেলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মিছিল-মিটিং হয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই আমাদের কাজ করতে হচ্ছে।”
শিক্ষা মন্ত্রণালয়ের কাজের অভিজ্ঞতা তুলে ধরে সিনিয়র সচিব বলেন, শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত সংবেদনশীল একটি জায়গা। গত নয় মাসে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন। কাজ করতে গিয়ে ভুলত্রুটি হলেও সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, একজন শিক্ষা সচিবের সৎ, দক্ষ ও আন্তরিক হওয়ার পাশাপাশি সবার সঙ্গে যোগাযোগ রাখার মানসিকতা থাকতে হবে এবং সরকারি স্বার্থ, শিক্ষকদের স্বার্থ ও শিক্ষার পরিবেশ—সবকিছুই রক্ষা করতে হবে।
পাঠ্যবই ছাপানো ও বিতরণ প্রসঙ্গে আবদুল খালেক জানান, এবার ৩২ কোটি বই ছাপানো হচ্ছে এবং ইতিহাসে প্রথমবারের মতো নভেম্বর মাসেই দেশের সব জায়গায় বই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তবে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে বই ছাপানোর কাজে বারবার বাধার মুখে পড়তে হয়েছে। ভালো মানের কাগজ ব্যবহার ও যথাযথ তদারকির উদ্যোগ নেওয়া হলেও সমালোচনা থেকে রেহাই মেলেনি বলে উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে সম্পর্কের বিষয়ে শিক্ষা সচিব বলেন, সাংবাদিকরা শিক্ষা পরিবারেরই অংশ এবং শিক্ষা মন্ত্রণালয় ও সাংবাদিকরা একই পরিবারের সদস্য হিসেবে কাজ করছেন। এক পক্ষের দুঃখ-সুখ অন্য পক্ষের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি পারস্পরিক আস্থা, বিশ্বাস ও ভালোবাসা নিয়ে আগামী দিনে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ইরাবের সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।