শিক্ষাপ্রতিষ্ঠানে ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত কতদূর, মাউশিকে শিক্ষা মন্ত্রণালয়ের তাগিদ
ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগরের যানজটপ্রবণ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস কেনার বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের সর্বশেষ অগ্রগতি জানতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে তাগিদপত্র দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গত ২৪ নভেম্বর স্বাক্ষরিত এই তাগিদপত্রটি মাউশিতে পাঠানো হয়।
চিঠিতে জানানো হয়েছে, মন্ত্রিসভা বিভাগের সিদ্ধান্তের আলোকে ঢাকাসহ মহানগরের যানজটপূর্ণ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ইলেকট্রিক বাস ক্রয়ের বিষয়ে এর আগেও চলতি বছরের ২৩ মে এবং ১৯ জুলাই চিঠি পাঠানো হয়েছিল।
কিন্তু এখন পর্যন্ত অধিদপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অগ্রগতির তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়নি।
এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি প্রদানসহ বাস ক্রয় সংক্রান্ত যাবতীয় তথ্য দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।