প্রথম শ্রেণির লটারিতে কতটি শিক্ষাপ্রতিষ্ঠান চয়েজ দেওয়া যাবে, জানাল মাউশি
সরকারি ও বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫টি প্রতিষ্ঠান চয়েজ দেওয়া যাবে। আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর।
রবিবার (২২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।
মাউশি জানিয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। ১ম শ্রেণিতে আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৫ টি প্রতিষ্ঠানে পছন্দক্রম দিতে পারবে। তবে ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে ২ টি বিদ্যালয় পছন্দক্রম সম্পাদন হয়েছে বলে গণ্য হবে। একই প্রতিষ্ঠানে একাধিক আবেদন করলে সকল আবেদন বাতিল হবে।
সূত্র জানায়, ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতিতে লটারির কার্যক্রম সম্পন্ন করতে হবে। লটারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করার পাশাপাশি শূন্য আসনের সমান সংখ্যক অপেক্ষমান তালিকাও প্রস্তুত রাখতে হবে।
এদিকে নতুন নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর নির্ধারণ করেছে সরকার।
নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১লা জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশী তবে অবশ্যই ৭ বছরের কম হতে হবে [জন্ম তারিখ ০১-০১-২০২০ হতে ৩১-১২-২০২০ পর্যন্ত]। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ০৫ (পাঁচ) বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।
ঢাকা মহানগরীর স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি দুই/একদিনের মধ্যেই প্রকাশিত হবে বলেও জানিয়েছে মাউশি। প্রকাশিত হতে যাওয়া বিজ্ঞপ্তিতে ‘এ’ গ্রুপের বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর। এদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
‘বি’ গ্রুপের বিদ্যালয়গুলোর পরীক্ষা নেওয়া হবে ১৮ ডিসেম্বর। এদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা হবে বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এ ছাড়া, ‘সি’ গ্রুপের বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। এদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঢাকা মহানগরী বাদে অন্যান্য জায়গায় ভর্তি পরীক্ষা ২১ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিতে হবে। ভর্তি নীতিমালা অনুযায়ী স্কুলগুলো নিজেরাই প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে।’
ভর্তি পরীক্ষার মানবণ্টন
ভর্তি পরীক্ষার জন্য শ্রেণিভেদে প্রশ্নপত্রের মানবণ্টন নির্ধারণ করেছে মাউশি। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে। এক ঘণ্টার এ পরীক্ষায় বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে।
অন্যদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। দুই ঘণ্টার এ পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে।