বদলির ফল প্রকাশের দাবিতে আমরণ অনশনে বসছেন নারী শিক্ষকরা, শুরু যেদিন
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশের দাবিতে আমরণ অনশনে বসতে যাচ্ছেন নারী শিক্ষকরা। চলতি সপ্তাহেই এ কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে।
বদলির দাবিতে আন্দোলনের ঘোষণা দেওয়া একাধিক নারী শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু হবে। বদলির ফল প্রকাশ না করা পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
মিতালী (ছদ্মনাম) নামে এক শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলির ফল প্রকাশ না হওয়ায় নারী শিক্ষকদের সংসার ভেঙে যাচ্ছে। নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরির কারণে নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থায় আমরণ অনশন কর্মসূচি ছাড়া বিকল্প কোনো পথ নেই। আগামী ২৫ নভেম্বর প্রেস ক্লাবের সামনে আমাদের কর্মসূচি শুরু হবে।’
জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়। সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আনুষ্ঠানিকভাবে সব কার্যক্রম শেষ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না মেলোয় ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলির ফল প্রকাশের পূর্বে বেশ কিছু জটিলতা রয়েছে। এগুলো সমাধান না করে ফল প্রকাশের অনুমোদন দেওয়া সম্ভব হবে না। ফল প্রকাশ করতে বিলম্ব হবে। বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তীতে জানানো হবে।’
এদিকে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো বদলির ফল প্রকাশ না হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন শিক্ষকরা। তারা বলছেন, বদলি নীতিমালায় পরিবর্তন করতে চাইলে করা হোক, তবে নীতিমালা পরিবর্তনের নামে কালক্ষেপন করা হচ্ছে। এভাবে সময়ক্ষেপন করে শিক্ষকদের রাজপথের আন্দোলনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
সাজেদা আক্তার নামে এক শিক্ষক বলেন, ‘অনেক আশা নিয়ে বদলির জন্য আবেদন করেছিলাম, পরিবার নিয়ে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু বদলি রেজাল্ট না হলে আত্মঘাতী সিদ্ধান্ত নেয়া ছাড়া কোন উপায় নাই।’
মো. মিনহাজুল নামে আরেক শিক্ষক বলেন, ‘বেসরকারি শিক্ষকদের কোনো কিছুই আন্দেলন ছাড়া দেওয়া হয়নি। বদলির ফলাফলের বিষয়টিও আন্দোলনের মাধ্যমেই আদায় করতে হবে বলে মনে হচ্ছে। আমরা রাজপথে যেতে চাই না, নিজ বাড়ির কাছাকাছি ফিরতে চাই। শিক্ষা মন্ত্রণালয় আমাদের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে।’