রাজধানীর ৪৯ বিদ্যালয়কে তিন গ্রুপে ভাগ করল মাউশি, কোন গ্রুপে কোন স্কুল?
রাজধানীর ৪৯টি সরকারি স্কুলকে ‘এ’, ‘বি’ এবং ‘সি’— তিন গ্রুপে ভাগ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই গ্রুপ অনুযায়ী ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত মহানগরীর সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রবিবার (২২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, ঢাকা মহানগরীর স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি দুই/একদিনের মধ্যেই প্রকাশিত হবে। প্রকাশিত হতে যাওয়া বিজ্ঞপ্তিতে ‘এ’ গ্রুপের বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর। এদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
‘বি’ গ্রুপের বিদ্যালয়গুলোর পরীক্ষা নেওয়া হবে ১৮ ডিসেম্বর। এদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা হবে বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এ ছাড়া, ‘সি’ গ্রুপের বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। এদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঢাকা মহানগরী বাদে অন্যান্য জায়গায় ভর্তি পরীক্ষা ২১ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিতে হবে। ভর্তি নীতিমালা অনুযায়ী স্কুলগুলো নিজেরাই প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে।’
‘এ’ গ্রুপের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল; তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়; মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়; নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়; নিউ গভ. গার্লস হাই স্কুল; ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়; ধানমন্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়; রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়; আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজ; উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়; কামরাঙ্গীর চর সরকারি মাধ্যমিক বিদ্যালয়; কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়; সরকারি জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় অ্যান্ড কলেজ; সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ফিডার শাখা।
‘বি’ গ্রুপের স্কুলগুলো হলো- মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়; নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়; ঢাকা গভ. মুসলিম হাই স্কুল; বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়; গভর্নমেন্ট মডেল হাই স্কুল; ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়; মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়; হাজী এম এ গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়; ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয়; জুরাইন সরকারি মাধ্যমিক বিদ্যালয়; দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়; সবুজবাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়; সরকারি প্রগতি উচ্চ বিদ্যালয়; শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের ফিডার শাখা।
‘সি’ গ্রুপের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল; আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়; শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; টিকাটুলি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; ঢাকা কলেজিয়েট স্কুল; গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়; মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়; হাজারীবাগ সরকারি উচ্চ বিদ্যালয়; ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়; মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট সরকারি মাধ্যমিক বিদ্যালয়; শহীদ মনু মিঞা সরকারি উচ্চ বিদ্যালয়; সরকারি মোল্লার টেক উদয়ন উচ্চ বিদ্যালয়; লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ বিদ্যালয়; লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ; রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ফিডার শাখা।