১৮ নভেম্বর ২০২৬, ১৯:৩৪

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির তথ্য চাইল অধিদপ্তর

মাউশির লোগো  © টিডিসি সম্পাদিত

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সামনে রেখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২২ নভেম্বরের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য মাইক্রোসফট এক্সেল ফাইলে অধিদপ্তরে ই-মেইল করতে বলা হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত মাধ্যমিক-১ ও মাধ্যমিক-২ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে বাংলাদেশ টেলিটক লিমিটেডের চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকের কার্যালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর তথ্য পাঠাতে হবে। একইভাবে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্যও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথ্য চাওয়া হয়েছে।

নির্ধারিত ছকে প্রতিষ্ঠানের ক্রমিক নম্বর, জেলা, উপজেলা, বিদ্যালয়ের নাম, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচিতি নম্বর (ইআইআইএন), প্রতিষ্ঠানপ্রধানের মোবাইল নম্বর ও মন্তব্যের ঘর রাখা হয়েছে। এসব তথ্য মাইক্রোসফট এক্সেল ফাইলে প্রস্তুত করে ‘addshesecondary2@gmail.com’ ঠিকানায় আগামী ২২ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের বিষয়ে নির্দেশনায় আরও বলা হয়েছে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।

নির্দেশনাগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালক, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।