মাউশির কর্মচারী নেতা অহিদুরকে ঘিরে সক্রিয় সিন্ডিকেট, বদলি-এমপিও-বকেয়া ছাড়ে অর্থ লেনদেনের অভিযোগ
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মচারী নেতা মো. অহিদুর রহমানকে ঘিরে শিক্ষা ভবনে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। ওই সিন্ডিকেটকে ‘ম্যানেজ’ করে সরকারি স্কুল শিক্ষকদের বদলি, এমপিওভুক্তি এবং শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন বিল উত্তোলন করতে হচ্ছে বলে জানা গেছে। আর এসব কাজে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে অহিদুরের নেতৃত্বে পরিচালিত সিন্ডিকেটের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মাউশির এ কর্মচারী নেতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন। মাউশির আওয়ামীপন্থি কর্মচারীদের সংগঠিত করছেন।
শুধু তাই নয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব অহিদুরের বিরুদ্ধে রয়েছে বিভাগীয় মামলা; কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত উত্তোলন করেছেন বেতন-ভাতা। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) লিখিত অভিযোগ জমা পড়েছে। একাধিক অভিযোগ জমা পড়েছে মাউশি মহাপরিচালক বরাবরও। তবে একটি প্রভাবশালী মহলের ‘আশির্বাদে’ এখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
দুদক, মাউশিতে জমা হওয়া অভিযোগ এবং শিক্ষা ভবনের একাধিক কর্মকর্তা-কর্মচারীর সাথে কথা বলে জানা গেছে, নানা অনিয়মের অভিযোগে ২০১৩ সালে অহিদুর রহমানকে মাউশির ঢাকা অঞ্চলের কার্যালয়ে সাঁটলিপিকার পদে বদলি করা হয়। তবে নির্ধারিত সময় অতিবাহিত হয়ে গেলেও তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি। ২০১৪ সালে বদলির আদেশ বাতিলের পর কর্মস্থলে যোগ দেন তিনি। এ ঘটনায় সরকারি চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১৫ সালে বিভাগীয় মামলা করে মাউশি।
অনুসন্ধানে জানা গেছে, ২০২২ সালে অহিদুর রহমানের বিরুদ্ধে এমপিও বাণিজ্য, কর্মচারীদের বদলি এবং কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়। পরবর্তীতে দুদক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানায়।
নানা অনিয়মের অভিযোগে ২০১৩ সালে অহিদুর রহমানকে মাউশির ঢাকা অঞ্চলের কার্যালয়ে সাঁটলিপিকার পদে বদলি করা হয়। তবে নির্ধারিত সময় অতিবাহিত হয়ে গেলেও তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি। ২০১৪ সালে বদলির আদেশ বাতিলের পর কর্মস্থলে যোগ দেন তিনি। এ ঘটনায় সরকারি চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১৫ সালে বিভাগীয় মামলা করে মাউশি।
অহিদুর রহমানের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা গ্রহণের অভিযোগও রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ময়মনসিংহ অঞ্চলে বদলি হওয়ার পরও তিনি সেখানে নিয়মিত দায়িত্ব পালন না করে ঢাকায় অবস্থান করতেন। পরবর্তী সময়ে কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে বদলি হওয়ার পরও তার কর্মস্থলে উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে।
কর্মচারী সংগঠনের শীর্ষ এ নেতা মাউশির অফিস সহকারী মো. ইমরান হোসেন ভূঁইয়াকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেন। একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও-সংক্রান্ত বিষয়ে আপত্তির কারণে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে পরবর্তীতে মাউশি মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগে জানান ইমরান।
অন্তর্বর্তী সরকারের সময় অহিদুর রহমানের বিরুদ্ধে কর্মচারীদের কাছ থেকে অর্থ আদায়, বদলি বাণিজ্য, রাজনৈতিক প্রভাব খাটানো এবং কর্মচারী কল্যাণ সমিতির কক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ করা হয়। একই অভিযোগপত্রে ২০২২ সালে গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমানের সমাধিতে যাওয়ার জন্য কর্মচারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং কর্মচারী কল্যাণ সমিতির একটি সভায় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানোর অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগীয় মামলা চলমান থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়। তালিকায় বিভাগীয় মামলার বিষয়টি উল্লেখ না থাকার কারণ নিয়েও প্রশ্ন উঠেছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব অহিদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর দেননি।
আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হস্তক্ষেপ থেকে সরে আসল ইউজিসি
জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে বর্তমান সরকার। আমরাও এ বিষয়ে সতর্ক রয়েছি। চক্র যত বড় বা শক্তিশালীই হোক না কেন, মাউশিতে সিন্ডিকেট করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আওয়ামী লীগের সুবিধাভোগী অহিদুরের প্রভাব কমেনি
অহিদুরের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন এমন একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত আওয়ামী লীগের আমলে শিক্ষামন্ত্রী মহিবুল আহসান চৌধুরী নওফেল, মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ-এর সঙ্গে অহিদুরের ছিল সখ্যতা। অধ্যাপক নেহালের সঙ্গে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে ফুল দিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
এ ছাড়া বঙ্গবন্ধুর মাজার পরিদর্শনকালে সেখানে থাকা বইয়ে তার স্মৃতিচারণও করেছেন অহিদুর রহমান। বর্তমানে শিক্ষাখাতকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছেন বলে মাউশিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা দাবি করেছেন।