দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রবিবার (১৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের পাঠানো একটি আবেদন মাউশিতে পাঠানো হয়েছে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলা বছরজুড়ে আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব খেলাধুলার আয়োজন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।