জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের নির্দেশ
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে রাজশাহী ও বগুড়ার চারটি বেসরকারি কলেজ পরিদর্শনের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির সহকারী পরিচালক (কলেজ-২) স্বাক্ষরিত ১১ নভেম্বর তারিখের এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। এতে জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কলেজগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের চারটি পৃথক স্মারকের পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত বেসরকারি কলেজগুলোর জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে পরিদর্শন কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. হুমায়ুন কবীরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিদর্শনের জন্য নির্ধারিত প্রতিষ্ঠানগুলো হলো—রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ, নওগাঁর আত্রাই মহিলা কলেজ, রাজশাহীর তাহেরপুর কলেজ এবং বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট ডিগ্রি কলেজ।
চিঠিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো সরেজমিন পরিদর্শন করে সংযুক্ত ছক মোতাবেক প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া পরিদর্শনকারী কর্মকর্তা বিধি মোতাবেক টি.এ ও ডি.এ প্রাপ্য হবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠির অনুলিপি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন), রাজশাহী অঞ্চলের পরিচালক, সংশ্লিষ্ট চার কলেজের অধ্যক্ষ এবং মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।