১২ নভেম্বর ২০২৬, ১৬:৪২

মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা  © সংগৃহীত

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিএড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের ২০২৭ শিক্ষাবর্ষের বিএড কোর্সে ভর্তির জন্য তথ্য প্রেরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত ৯ নভেম্বর মাউশির উপ-পরিচালক (প্রশিক্ষণ) শাহ্ মুহাম্মদ মামুন মোরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিএড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বিএড কোর্সে ভর্তির জন্য প্রধান শিক্ষকগণ নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকদের তালিকা ও প্রয়োজনীয় তথ্যাদি নির্দিষ্ট গুগল লিংকের মাধ্যমে পাঠাবেন। আগামী ১৯ নভেম্বরের মধ্যে এই তথ্য প্রেরণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের যোগ্যতার শর্ত হিসেবে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছরের স্নাতক (পাস), স্নাতক (সম্মান) অথবা ৪ বছরের স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে অন্তত ৪৫% নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ থাকতে হবে।

এছাড়া স্পষ্ট করে বলা হয়েছে যে, হার্ডকপিতে বা কাগজে প্রিন্ট করে কোনো আবেদন বা তথ্য গ্রহণ করা হবে না।