১০ নভেম্বর ২০২৬, ১৯:৩০

‘ঘুষ’ নিয়ে তদন্তে গড়মিলের অভিযোগ কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

মোহাম্মদ গোলাম মোস্তফা ও সাজেদা বেগম  © টিডিসি সম্পাদিত

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদা বেগমের বিরুদ্ধে অবৈধভাবে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন, তথ্য গোপন করে চাকরি গ্রহণ এবং সরকারি বেতন-ভাতা ভোগের অভিযোগের তদন্ত ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় তদন্তের দায়িত্ব পাওয়া কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযুক্ত শিক্ষিকার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষিকাকে পুনরায় আদালতে গিয়ে স্থগিতাদেশের (স্টে অর্ডার) মেয়াদ বাড়ানোর পরামর্শ দেওয়ার অভিযোগও উঠেছে।

শুধু তাই নয়, অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অভিযুক্ত শিক্ষিকাকে নিজ কার্যালয়ে ডেকে বিষয়টি ‘সমাধানের’ উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। এ ছাড়া তদন্তের বাদীর বক্তব্যও বিকৃত করেছেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা। 

যদিও এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘আপনি অথবা আপনার প্রতিনিধি আসলে সরাসরি উত্তর দেব।’

৫০ হাজার টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাজেদা বেগম। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘আমি কোনো টাকা দেইনি।’ তদন্ত চলাকালীন জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে গোলাম মোস্তফার সাথে দেখা করার বিষয়টিও অস্বীকার করেন সাজেদা বেগম। তবে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ রয়েছে জানানো হলে তিনি ফোনের লাইন কেটে দেন। এরপর একাধিকবার কল দেওয়া হলেও আর ফোন রিসিভ করেননি সাজেদা বেগম। 

এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন এখনও আমার কাছে আসেনি। তবে টাকা লেনদেন করা এবং তদন্ত চলাকালীন অভিযুক্তকে নিজ কার্যালয়ে ডাকার বিষয়টি সত্য হলে অভিযুক্ত জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত ২০ আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসে ‘তথ্য গোপন করে নেওয়া এনটিআরসিএ সনদ বাতিল হলেও বন্ধ হয়নি এমপিও’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের চিঠি ইস্যুর পর থেকেই বিষয়টি গড়িমসি শুরু করেন মোহাম্মদ গোলাম মোস্তফা। একাধিকবার ইমেইল করে তদন্তের চিঠি পাঠানো হলেও তিনি চিঠি পাননি বলে দাবি করতে থাকেন। পরবর্তীতে চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক প্রফেসর এম.এম সহিদুল ইসলামকে বিষয়টি অবহিত করলে তার নির্দেশনা অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করেন মোহাম্মদ গোলাম মোস্তফা।

খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধভাবে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন, তথ্য গোপন করে চাকরি গ্রহণ এবং সরকারি বেতন-ভাতা ভোগের অভিযোগের তদন্ত করতে গত ১৪ সেপ্টেম্বর মাউশি থেকে চিঠি ইস্যু করা হয়। চিঠিতে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়। তবে চিঠি ইস্যুর এক মাস পর ১৫ অক্টোবর তদন্ত করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। তদন্ত শেষে গত ১ নভেম্বর ডাকযোগে প্রতিবেদন মাউশি মহাপরিচালক বরাবর পাঠান।

তদন্ত প্রতিবেদনেই একাধিক অসংগতি
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সাজেদা বেগম ২০১২ সালে অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ অর্জন করেন। পরবর্তী সময়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তার নিবন্ধন সনদ বাতিল করে। কারণ হিসেবে সহকারী শিক্ষক (বাংলা) পদে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সনদ বাতিলের আদেশের বিরুদ্ধে সাজেদা বেগম হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। আদালত সনদ বাতিলের আদেশের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন। পরবর্তী সময়ে ২৪ জুন ২০২৬ তারিখের আদেশে আরও ছয় মাসের জন্য স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, তদন্ত প্রতিবেদনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকের বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি জানান, এনটিআরসিএর সনদ বাতিলের আদেশের পর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সাজেদা বেগমকে সাময়িক বরখাস্ত করে। পরবর্তী সময়ে আদালতের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে ম্যানেজিং কমিটি সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় দায়িত্ব পালনের সুযোগ দেয়। এরপর থেকে তিনি নিয়মিত দায়িত্ব পালন ও সরকারি বেতন-ভাতা গ্রহণ করছেন।

কিন্তু তদন্ত প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সনদ বাতিলের পরও একজন শিক্ষিকা কীভাবে নিয়মিত সরকারি বেতন-ভাতা পাচ্ছেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে?

৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, স্টে অর্ডার বাড়ানোর পরামর্শ
তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযুক্ত শিক্ষিকা সাজেদা বেগমের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন বিদ্যালয়টির একাধিক শিক্ষক। তারা বলছেন, সাজেদা বেগমের কাছ থেকে এই টাকা নেওয়ার পর তাকে পুনরায় আদালতে গিয়ে স্টে অর্ডারের মেয়াদ বাড়ানোর পরামর্শ দেন মোহাম্মদ গোলাম মোস্তফা।

এ ছাড়া অভিযোগের বিষয়ে নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথা বলে সাজেদা বেগমকে নিজের কার্যালয়ে ডেকে পাঠান গোলাম মোস্তফা। একজন সরকারি কর্মকর্তার কাছে অনিয়মের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে এভাবে ডেকে ব্যক্তিগতভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়ার অভিযোগ প্রশাসনিক স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

অভিযোগ রয়েছে, সাজেদা বেগমের বিষয়ে এর আগেও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় তদন্তের দায়িত্ব পাওয়ার পরও তদন্ত প্রতিবেদনে অভিযোগের গুরুত্বপূর্ণ দিকগুলো যথাযথভাবে তুলে ধরা হয়নি।

আদালতের স্থগিতাদেশ কি অনিয়মের দায়মুক্তি?
তদন্ত প্রতিবেদনের শেষাংশে মোহাম্মদ গোলাম মোস্তফা উল্লেখ করেন, বিষয়টি হাইকোর্টে বিচারাধীন এবং সনদ বাতিলের আদেশের ওপর স্থগিতাদেশ থাকায় এ বিষয়ে সুনির্দিষ্ট মতামত দেওয়া সমীচীন হবে না।

তবে এখানেই প্রশ্ন—আদালতের স্থগিতাদেশ থাকলেই কি সনদ অর্জনের প্রক্রিয়া, নিয়োগের বৈধতা কিংবা সরকারি অর্থ গ্রহণের বিষয়ে প্রশাসনিক অনুসন্ধান বন্ধ হয়ে যায়? আদালতের আদেশের প্রকৃত পরিধি যাচাই না করে শুধু স্থগিতাদেশের দোহাই দিয়ে সব প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ আছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা জরুরি বলে অভিমত শিক্ষা সংশ্লিষ্টদের।

তথ্য গোপন করে নেওয়া সনদ বাতিল করে চিঠি জারি করে এনটিআরসিএ
সাজেদা বেগমের এনটিআরসিএর সার্টিফিকেট যাচাই করে দেখা যায়, তিনি ৮ম ব্যাচ থেকে ২০১২ সালে বাংলায় নিবন্ধন পেয়েছিলেন। যদিও তার নিয়োগ হয় সমাজ বিজ্ঞানের সহকারি শিক্ষক হিসেবে। এছাড়াও তার ডিগ্রির রেজাল্ট ঘেটে দেখা গেছে, তিনি ১৯৯৯ সালে কক্সবাজারের রামু কলেজ থেকে মানবিকে তৃতীয় বিভাগ পেয়ে পাস করেন। কিন্তু বাংলায় নিবন্ধন পেতে হলে ৩০০ নাম্বারের বাংলা বাংলা থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে এনটিআরসি কর্তৃপক্ষ। যেটি অভিযুক্ত এই শিক্ষকের নেই।

সাজেদা বেগমের সনদ বাতিল সংক্রান্ত চিঠি ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর জারি করে এনটিআরসিএ। চিঠিতে সংস্থাটি জানিয়েছে, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সাজেদা বেগমের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা ১৯৯৯ এর নম্বর পত্র পর্যালোচনায় দেখা যায় যে, জনাব সাজেদা বেগম স্নাতক পর্যায়ে ৩০০ নম্বরের বাংলা বিষয় পাঠ করেননি। অর্থাৎ এনটিআরসিএ ব্যবস্থাপনায় ২০১২ সালে গৃহীত ৮ম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি মোতাবেক সহকারী শিক্ষক (বাংলা) পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) জনাব সাজেদা বেগমের ছিল না।

সাজেদা বেগমের ২০১২ সালে গৃহীত ৮ম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিতে প্রকাশিত কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও তথ্য গোপন করে Assistant Teacher, Bengali পদের জন্য আবেদন করে ৮ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১২ এ অংশগ্রহণ করেন এবং উক্ত নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রত্যয়নপত্র লাভ করেন। তথ্য গোপন করে সাজেদা বেগমের শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র অর্জনের অভিযোগ “বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত)” এর ১২(২) বিধি অনুযায়ী তদন্ত করা হয় এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।’

চিঠিতে আরও বলা হয়, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত)-এর ১২ (২) বিধি অনুযায়ী৮ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১২ এর 30103054 রোল নম্বরধারী Sajeda Begum, পিতা: Shafekul Islam, মাতা: Khudeza Begum এর Assistant Teacher, Bengali পদের শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রটি যার রেজি. নম্বর 2012810066 এবং সিরিয়াল নম্বর 10148612 নির্দেশক্রমে বাতিল করা হলো।  বাতিলকৃত নিবন্ধন প্রত্যয়নপত্রটি কোথাও ব্যবহার করা হলে তা ফৌজদারী অপরাধ বলে গণ্য হবে।’