১০ নভেম্বর ২০২৬, ১৮:৫২

জুনিয়র বৃত্তি পরীক্ষায় যেসব ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড  © সংগৃহীত

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষায় আটটি নির্দিষ্ট মডেলের বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পাশাপাশি পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা পরীক্ষার হলে সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অনুমোদিত আটটি মডেল হলো—এফএক্স-৮২ এমএস, এফএক্স-১০০ এমএস, এফএক্স-৫৭০ এমএস, এফএক্স-৯৯১ এমএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএস প্লাস ও এফএক্স-৯৯১সিডব্লিউ।

এ ছাড়া এসব মডেলের বাইরে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে। বিষয়টিকে জরুরি উল্লেখ করে জুনিয়র বৃত্তি পরীক্ষার সব কেন্দ্রের কেন্দ্রসচিবকে এ নির্দেশনা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বোর্ড।

এদিকে, আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

পরীক্ষার সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।