শিক্ষকদের বদলি নীতিমালায় দুই পরিবর্তন চায় মাউশি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালায় দুটি পরিবর্তন চায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হলে এ দুটি পরিবর্তনের জন্য জোর সুপারিশ করবে সংস্থাটি।
মাউশির একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলিতে অন্যতম বাধা সমস্তর সমস্যা। এটি সমাধান না হলে অসংখ্য শিক্ষক বদলি আবেদনেরই সুযোগ পাবেন না। যেটি বর্তমান নীতিমালা অনুযায়ী আবেদনের ফলে হয়েছে। এ জন্য বদলি নীতিমালার এই ধারাটি সংশোধন প্রয়োজন।
সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির ক্ষেত্রে প্রাধান্য দেওয়া দরকার। এ জন্য নীতিমালায় এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের জন্য আলাদা নম্বর দেওয়া উচিত। অর্থাৎ কমিটি এবং এনটিআরসিএ শিক্ষকরা যদি বদলির জন্য একই প্রতিষ্ঠানে আবেদন করে থাকেন, তাহলে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির সুযোগ দেওয়া হবে। এটি করা গেলে দূরে চাকরিরত শিক্ষকরা নিজ বাড়ির কাছাকাছি ফিরতে পারবেন।
এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল কোনো মন্তব্য করতে রাজি হননি।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় বিষয়গুলো শিক্ষামন্ত্রীকে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয় নীতিমালা পরিবর্তন করলে এই দুটি বিষয় পরিবর্তনের চেষ্টা করবে মাউশি।’
এদিকে স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল সহসাই প্রকাশ হচ্ছে না বলে জানা গেছে। বদলি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের পর ফল প্রকাশের অনুমতি দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলি নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। সব শিক্ষককে বদলি করা হবে, নাকি কেবল এনটিআরসিএর সুপারিশকৃত শিক্ষকদের; সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌছাতে পারেনি মন্ত্রণালয়।
সূত্রের তথ্য বলছে, শুধু এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের বদলি করতে হলে বদলি নীতিমালায় পরিবর্তন আনতে হবে। নীতিমালায় কোন বিষয়গুলো পরিবর্তন করা হবে তা-ও চূড়ান্ত হয়নি। ফলে কবে নাগাদ বদলির ফল প্রকাশ করা হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না।
নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএ নেত্রকোনার শিক্ষককে রাজশাহীতে নিয়োগ দিয়েছে। বদলিটা ওই শিক্ষকের বেশি প্রয়োজন। তবে এমপিওভুক্ত সব শিক্ষককে বদলি আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। ফলে বিষয়গুলো কীভাবে সমাধান করা যায়, তা খুঁজে দেখা হচ্ছে।’
ডিসেম্বরের মধ্যে বদলির ফল প্রকাশ করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটি নির্ভর করছে শিক্ষামন্ত্রীর ওপর। মন্ত্রী যত দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, তত দ্রুত শিক্ষকদের বদলির ফল প্রকাশ করা সম্ভব। বদলির ফল কবে প্রকাশ করা হবে তা এই মুহূর্তে বলা সম্ভব না।’