শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের, জরুরি নির্দেশনা মাউশির
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে ছুটি থাকলেও এদিন কর্মসূচি থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার কর্তৃক নির্ধারিত কর্মসূচি প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দিবসের তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।
এ ছাড়া অন্য এক চিঠিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করতে বলা হয়েছে।
এর আগে,৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এ বছর ৭ নভেম্বর শনিবার থাকায় তা ভোগ করতে পারছেন না সরকারি চাকরিজীবীরা। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে এই দিন কর্মসূচি থাকায় প্রতিষ্ঠানে যেতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের।