আগের স্কেলেই শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন যেদিন
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগের স্কেলেই পাঠানো এ প্রস্তাব এখনো অনুমোদন হয়নি। আগামীকাল বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহের শুরুতে প্রস্তাব অনুমোদন হতে পারে বলে জানা গেছে।
বুধবার (২৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, গত সোমবার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে নভেম্বর মাসের শুরুর দিকেই অক্টোবরের বেতন-ভাতা সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অক্টোবরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় যত দ্রুত প্রস্তাবে অনুমোদন দেবে, তত দ্রুত শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাবেন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে অক্টোবরের বেতন ছাড়ের চেষ্টা করা হচ্ছে। প্রথম সপ্তাহে সম্ভব না হলে দ্বিতীয় সপ্তাহ লেগে যেতে পারে।
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।