আরও একটি স্কুল জাতীয়করণের উদ্যোগ
বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিদ্যালয়টির সম্ভাব্যতা যাচাই, সরেজমিনে পরিদর্শন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার মাউশির মাধ্যমিক-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত ওই নির্দেশনায় রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষার উপপরিচালক এবং বগুড়ার জেলা শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদ সদস্যগণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল থেকে পাওয়া প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয় জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করতে হবে। এ জন্য বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিবেদন তৈরির ক্ষেত্রে কাহালু উপজেলার আয়তন, ইউনিয়নের সংখ্যা, মোট জনসংখ্যা, বিদ্যালয়টি জাতীয়করণের যৌক্তিকতা এবং উপজেলায় ইতোমধ্যে কতটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে, সে-সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের শ্রেণিভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকের সংখ্যা এবং বিগত পাঁচ বছরের পরীক্ষার ফলাফলও প্রতিবেদনে তুলে ধরতে হবে।
মাউশির নির্দেশনায় আরও বলা হয়েছে, সংগৃহীত তথ্যের পক্ষে প্রয়োজনীয় প্রমাণক সংযুক্ত করতে হবে। পরিদর্শন দলের সদস্যদের দিয়ে প্রমাণকগুলো সত্যায়িত করে দুটি সেটে প্রতিবেদন প্রস্তুত করতে হবে। নির্দেশনা জারির পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদনটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।