শিক্ষকদের বদলি নিয়ে জরুরি সভা ডাকল শিক্ষা মন্ত্রণালয়
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে আলোচনা করতে জরুরি সভা ডাকা হয়েছে। আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) দুপুর ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দুপুর ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের চতুর্থ তলায় সভা হওয়ার কথা রয়েছে। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (সচিবের অতিরিক্ত দায়িত্ব) ড. সরদার মোঃ কেরামত আলী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, টেলিটকের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলির বিষয়টি নিয়ে জরুরি সভা আহবান করা হয়েছে। সভায় টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। টেলিটক সফটওয়্যার আপডেট করেছে। ফলে বদলির ফল প্রকাশ করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হবে।’
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেক দেশের বাইরে রয়েছেন। এরপরও কেন সভা ডাকা হলো—এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘বদলির ফল প্রকাশ ইস্যুতে শিক্ষকরা আন্দোলনে নামছেন বলে গোয়েন্দা প্রতিবেদন এসেছে। এজন্য জরুরি সভা ডাকা হয়েছে। আগামীকাল সভা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’
এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, দ্রুত নবম পে-স্কেল অনুযায়ী বেতন প্রদান এবং আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতার দাবিতে আন্দোলনে নামছেন শিক্ষক-কর্মচারীরা। আগামী ৪ নভেম্বর অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু হবে বলে তারা জানিয়েছেন।
সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, আবেদনগ্রহণের দেড় মাস হতে চললেও এখনো বদলির ফল প্রকাশিত হয়নি। এতে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরিরত শিক্ষকরা অমানবিক জীবনযাপন করছেন। অবিলম্বে শিক্ষকদের বদলির ফল প্রকাশ করতে হবে।
অধ্যক্ষ আজিজী বলেন, সরকারি চাকরিজীবীরা চলতি মাস থেকে নবম পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। অথচ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন, তা নিশ্চিত নয়। এই অনিশ্চয়তা দূর করতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের নির্দেশনা জারি করতে হবে।
এ শিক্ষক নেতা আরও বলেন, সরকারি চাকরিজীবীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পান না। এটি চাকরি ক্ষেত্রে অনেক বড় বৈষম্য তৈরি করেছে।
এমপিওভুক্ত জনবল অনেক ভাতা পান না উল্লেখ করে তিনি বলেন, এই বৈষম্য দূর করে শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন করতে হবে। এই তিন দাবিতে আগামী ৪ নভেম্বর অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।