২৫ অক্টোবর ২০২৬, ১৮:৪৯

৬ষ্ঠ শ্রেণির আইসিটি বই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসল, এনসিটিবির বিজ্ঞপ্তি

এনসিটিবি  © টিডিসি সম্পাদিত

২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি নিয়ে বিতর্ক তৈরির পর সেটি সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। রবিবার (২৫ অক্টোবর) এনসিটিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের ষষ্ঠ শ্রেণির ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পাঠ্যবইয়ে মুদ্রণজনিত ত্রুটি থাকায় এটি পুনরায় সংশোধন করা প্রয়োজন। যেসব মুদ্রণ প্রতিষ্ঠান ইতোমধ্যে এনসিটিবির ওয়েব পোর্টালে তৈরি অনুমোদিত চালানের মাধ্যমে জেলা, উপজেলা বা থানা শিক্ষা অফিসে বইটি সরবরাহ করেছে, সেসব প্রতিষ্ঠানকে নিজেদের উদ্যোগে বই সংগ্রহ করে মুদ্রণ প্রতিষ্ঠানে ফিরিয়ে নিতে হবে।

বই সংগ্রহের কাজে সহযোগিতা করতে সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও থানা শিক্ষা অফিসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার ব্যবস্থাও নিতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

এদিকে এনসিটিবি সূত্রে জানা গেছে, বইটি থেকে দাঁড়িপাল্লা প্রতীক বাদ দেওয়া হবে। এমনকি জ্ঞানের পিরামিডের চারটি স্তরের নাম থাকলেও কোনো প্রতীক বা আইকন থাকবে না। 

এ বিষয়ে এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এ ৪ স্তরের নাম থাকবে। তবে এখানে কোনো আইকন থাকবে না। আগামী বছর এভাবেই যাবে। পরের বছর বিষয়গুলো পুনরায় আরও পরিমার্জন করব, যাতে কোনো ভুল তথ্য না যায়।  

বিজ্ঞপ্তি দেখুন এখানে