২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৬

শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানালেন মাউশি ডিজি

অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল  © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতনের তথ্য নেওয়া শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। তবে সরকারি ছুটি থাকায় সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হয়নি। এর ফলে চলতি মাসের বেতন দেরিতে দেওয়া হবে কিনা সেই প্রশ্ন উঠেছে।

যদিও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেছেন, বেতনের প্রস্তাব দেরিতে পাঠানো হলেও শিক্ষকরা যথাসময়ে বেতন পাবেন। 

সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে মাউশি ডিজি বলেন, ‘সরকারি বন্ধ থাকায় অক্টোবর মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে কিছুটা দেরি হবে। তবে ছুটি শেষ হওয়ার পরপরই প্রস্তাব পাঠানো হবে। প্রস্তাব দেরিতে গেলেও শিক্ষক-কর্মচারীরা যেন দ্রুত অক্টোবরের বেতন-ভাতা পান সেজন্য চেষ্টা করা হবে। আশা করছি নভেম্বরের শুরুতেই তারা অক্টোবর মাসের বেতন পাবেন।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।