শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সব দপ্তর, সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনার ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে যেসব ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা সম্ভব, সেসব ছাদের পরিমাণ ও আয়তন নির্ধারণ করে জরুরিভিত্তিতে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শনিবার (১৭ অক্টোবর) মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন-২) কামরুন্নাহার রীমা স্বাক্ষরিত ওই নির্দেশনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী দুই কর্মদিবসের মধ্যে নির্ধারিত অনলাইন ফরমে তথ্য জমা দিতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন যেসব দপ্তর, সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনার ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা সম্ভব, সেসব ছাদের বাস্তবায়নযোগ্য পরিমাণ ও আয়তন নির্ধারণ করতে হবে। পরে নির্ধারিত গুগল ফরমে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে।
এ জন্য নির্ধারিত লিংক: https://forms.gle/JooncxLUiMeyD66e6
মাউশির নির্দেশনাটি বাস্তবায়নের জন্য আঞ্চলিক পরিচালক, এইচএসটিটিআইয়ের পরিচালক, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি অবহিত করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ ও প্রেরণের ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।