মাধ্যমিক শিক্ষকদের দক্ষতা ১৫ শতাংশ বাড়ানোর উদ্যেগ, মূল্যায়ন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়
লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় মাধ্যমিক শিক্ষকদের দক্ষতা বেসলাইন থেকে ১৫ শতাংশ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিক্ষকদের বর্তমান দক্ষতার স্তর নির্ধারণে বেসলাইন স্টাডি পরিচালনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের ওপর প্রশিক্ষণের প্রাথমিক প্রভাব মূল্যায়নে আগামী অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদে বাস্তবায়নাধীন লেইস প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর অন্যতম লক্ষ্য হলো মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের দক্ষতার স্তর বেসলাইন থেকে ১৫ শতাংশ বাড়ানো। এ লক্ষ্য অর্জনে শিক্ষকদের জন্য দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে।
এতে বলা হয়, এই প্রকল্পের আওতায় মাধ্যমিক শিক্ষকদের দক্ষতা স্তর নির্ণয়ের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বেসলাইন স্টাডি পরিচালনা করা হচ্ছে। এছাড়াও, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুসারে লেইস প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণের একটি ‘আর্লি ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’ পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করবে। এ কাজে সহায়তার জন্য সব প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।