০১ অক্টোবর ২০২৬, ১৭:০৫

স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি, কারণ জানাল মাউশি

মাউশি  © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন পাওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার। তবে এখনো বেতন পাননি তারা। শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে কিছুটা দেরি হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

বৃহসম্পতিবার (০১ অক্টোবর) মাউশির একটি সূত্র জানিয়েছে, স্কুল-কলেজের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা অনুমোদন হয়েছে। তবে অল্প কয়েকজন শিক্ষকের বেতন নিয়ে সমস্যা হওয়ায় আজ তারা বেতন-ভাতা পাবেন না। সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার অথবা সোবার শিক্ষক-কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন  পাবেন।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কিছু সমস্যার কারণে আজ (বৃহস্পতিবার) শিক্ষক-কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন পাবেন না। আগামী সপ্তাহের শুরুতেই তাদের বেতন ব্যাংকে পাঠানো হবে।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, ‘১০ থেকে ১২ জন শিক্ষক-কর্মচারীর বেতনের অর্থ ফেরত নিতে হবে। এটি এর আগে কখনো হয়নি। এজন্য আজ বৃহস্পতিবার বেতন দেওয়া সম্ভব হচ্ছে। তবে আগামী মঙ্গলবারের মধ্যে তারা বেতন-ভাতা পাবেন।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।