মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে তথ্য আহ্বান
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণ (পে ফিক্সেশন) কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মাউশি। আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশির উপপরিচালক মো. শওকর হোসেন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং এতে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে আইবাস++-এর অর্গানোগ্রাম সাব-মডিউলের ডাটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য এন্ট্রির কাজ চলছে। এর মধ্যে পদ বা পদবি, মূল গ্রেড ও পদসংখ্যার তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করতে আইবাস++-এর পে ফিক্সেশন সাব-সিস্টেমে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন নির্ধারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রয়োজন। এ জন্য মাউশি ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে এন্ট্রি করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলো অর্গানোগ্রাম সাব-মডিউলে এন্ট্রি করতে হবে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুশাখার পৃষ্ঠাঙ্কনকৃত জিওসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে হবে।
নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে তথ্য পাঠাতে হবে। তথ্যের সফট কপি নিকোশ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে হার্ড কপি পাঠাতে হবে উপপরিচালক, এইচআরএম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা (কক্ষ নম্বর-৫৩০) বরাবর।
তথ্য পাঠানোর ই-মেইল ঠিকানা হলো dd.hrm.dshe@gmail.com।
চাওয়া তথ্যের ছকে কার্যালয়ের নাম, ১৩ ডিজিটের কোড, ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজি), পদের মূল গ্রেড (Substantive Grade), পদভিত্তিক সংখ্যা ও মন্তব্য উল্লেখ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।