৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

৯ শিক্ষকের এমপিও বাতিলের নির্দেশ মাউশির

মাউশি  © ফাইল ছবি

নাটোর ও রাজশাহী জেলার নয়জন শিক্ষকের সেপ্টেম্বর ২০২৬ মাসে ভুলক্রমে অনুমোদিত এমপিও বাতিলের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির বেসরকারি কলেজ (শাখা-৩) থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, মাউশির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ভুলক্রমে ওই নয় শিক্ষকের এমপিও অনুমোদিত হওয়ার বিষয়টি উল্লেখ করে তা বাতিলের জন্য মাউশি অধিদপ্তরে পত্র পাঠান।

মাউশির চিঠিতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১১ নভেম্বর ২০১৫ তারিখের নির্দেশনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্য পদে নিয়োগ কার্যক্রম বন্ধের কথা বলা হয়েছিল। ওই নির্দেশনার ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ২২ অক্টোবর ২০১৫ তারিখ বা তার পরবর্তী সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কোনো পদে নিয়োগ দিলে সেটিকে অবৈধ নিয়োগ হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে।

এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে রাজশাহী অঞ্চলের পরিচালক কর্তৃক ভুলক্রমে অনুমোদিত নয় শিক্ষকের এমপিও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বাতিলের তালিকায় থাকা শিক্ষকেরা হলেন—প্রভাষক (মনোবিজ্ঞান) আনোয়ারা খাতুন; বুবিয়া আফরোজ, প্রভাষক (অর্থনীতি);প্রভাষক (সামাজিক বিজ্ঞান) তাসলিমা খানম; প্রভাষক (ব্যবস্থাপনা) মোছা. তাহেরা খাতুন; প্রভাষক (পরিসংখ্যান) মো. নাফি ইমতিয়াজ; প্রভাষক (সমাজকর্ম) মো. সালেহ উদ্দিন; প্রভাষক (হিসাববিজ্ঞান) ফারহানা আক্তার; প্রভাষক (মার্কেটিং) সাইফুল ইসলাম এবং প্রভাষক (পদার্থবিজ্ঞান) মো. আমিনুল ইসলাম, ।