শিক্ষকদের বদলির ফল কবে, পরিকল্পনা জানাল মাউশি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বদলির সার্বিক বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে অবহিত করা হলেও বদলির ফল কবে নাগাদ প্রকাশ করা হতে পারে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত না হলেও প্রাথমিকভাবে একটি পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।
এ পরিকল্পনার বিষয়ে জানতে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সঙ্গে। তিনি জানিয়েছেন, অক্টোবরের প্রথমার্ধের মধ্যে শিক্ষকদের বদলির ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে।
মাউশি ডিজি জানান, ‘আগামীকাল সোমবার শিক্ষকদের বদলির বিষয়টি নিয়ে আবারও সভা হবে। ওই সভায় বদলি নিয়ে যে জটিলতাগুলো রয়েছে, সেগুলো নিয়ে পুনরায় আলোচনা করা হবে। বিষয়গুলো কীভাবে সমাধান হবে সেটি জানার পর বদলির ফল প্রকাশের সম্ভাব্য সময়সীমা বলা যাবে। যদি সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায় তাহলে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেও ফল প্রকাশ করা হতে পারে।’
এর আগে রবিবার দুপুর ৩টার পর শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. মিলন ছাড়াও টেলিটকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, শিক্ষকদের বদলি আবেদন এডিট বা বাতিলের বিষয়ে ইতিবাচক মতামত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ ছাড়া শূন্য পদ না থাকা এবং এবং এনটিআরসিএর প্রতিস্থাপন হওয়া ১৯৫টি পদের বিষয়েও আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'যাদের আবেদনে ভুল হয়েছে তাদের আবেদন এডিট বা বাতিলের সুযোগ দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী ইতিবাচক। শিক্ষা সচিব আবদলু খালেক না থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা যায়নি।'
এদিকে আজ রবিবার অনুষ্ঠিত সভায় প্রাথমিকভাবে বেশি কিছু বিষয়ে আলোচনা হয়েছে। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত না থাকার কারণে আলোচিত বিষয়গুলো নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এজন্য আগামীকাল সোমবার আবারও সভা ডাকা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলি নিয়ে আগামীকাল সোমবার দুপুর ২টায় আবারও সভা অনুষ্ঠিত হবে। সভায় বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’