২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৬

শিক্ষকদের বদলি নিয়ে সভায় বসতে যাচ্ছে মন্ত্রণালয়

মাউশি  © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সভায় বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। চলতি সপ্তাহে এ সভা অনুষ্ঠিত হবে পারে জানা গেছে। সভার পর বদলির ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আগামী মঙ্গলবারের মধ্যে স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত থাকবেন।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘বদলি নিয়ে চলতি সপ্তাহেই সভা করা হবে। সভায় বদলির সামগ্রিক বিষয় উপস্থাপন করা হবে। এরপর মন্ত্রী যেভাবে নির্দেশনা দেবেন সে অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।’

এদিকে স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল চলতি মাসের প্রকাশের কথা থাকলেও সেটি হচ্ছে না। আগামী অক্টোবর মাসে বদলির ফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, বদলির ফলাফলের বিষয় নিয়ে চলতি সপ্তাহে শিক্ষামন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করবেন সংস্থাটির মহাপরিচালক। এরপর শিক্ষামন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী ফল প্রকাশের সম্ভাব্য একটি সময়সীমা নির্ধারণ করা হবে। ওই সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য টেলিটককে নির্দেশনা দেবে মাউশি।

সূত্রের তথ্য বলছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা এবং টেলিটকের ফল প্রকাশের চূড়ান্ত কার্যক্রম শেষ করতে কিছুটা সময় লাগবে। যার ফলে চলতি মাসে বদলির ফল প্রকাশ করা সম্ভব হবে না। আগামী মাসের শুরুর দিকে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘বদলির ফল প্রকাশের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে চলতি মাসে ফল প্রকাশ হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত। আগামী মাসের শুরুর দিকেই যেন ফল প্রকাশ করা যায়, সেজন্য চেষ্টা করা হচ্ছে।’