শিক্ষকদের বদলি কবে, যা বললেন মাউশি ডিজি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনগ্রহণ শেষ হচ্ছে আজ রবিবার। রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে বদলি আবেদন শেষ হবে। আবেদন শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চলতি সপ্তাহেই শিক্ষকদের বদলি করার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামীকাল (সোমবার) শিক্ষামন্ত্রী দেশে ফিরছেন। মন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষকদের দ্রুত বদলির ব্যবস্থা করা হবে। আমাদের পরিকল্পনা হলো চলতি সপ্তাহের শিক্ষকদের বদলি করা।’
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের বদলি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রম উদ্বোধন করতে পারেন। তবে তিনি উদ্বোধন না করলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কার্যক্রমের উদ্বোধন করতে পারেন।
সূত্রের তথ্য বলছে, একটি বোতাম চেপে শিক্ষকদের বদলি কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এটি করলে তার সময়সূচি নিতে হবে। সেক্ষেত্রে বদলি কার্যক্রম কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে শিক্ষামন্ত্রীর মাধ্যমে উদ্বোধন হলে চলতি সপ্তাহের শেষ দিকে শিক্ষকদের বদলির সম্ভাবনা রয়েছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলির সামগ্রিক বিষয় নিয়ে দ্রুতই একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সামগ্রিক বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে।’
এদিকে শিক্ষকদের বদলি আবেদন শেষ হওয়ার পর নতুন করে আর সময় বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে মাউশি। ফলে ১৩ সেপ্টেম্বর আবেদন শেষ হওয়ার পরই চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষকদের বদলি করার পরিকল্পনা করা হয়েছে। বদলি হওয়ার জন্য ১০ দিন সময় পাবেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলি আবেদন শেষ হওয়ার পর নতুন করে সময় বৃদ্ধির সুযোগ নেই। দ্রুতই শিক্ষকদের বদলি করা হবে।’