৪২ দিনব্যাপী প্রশিক্ষণ পাচ্ছেন ৪ বিষয়ের ৫৪ হাজার শিক্ষক, আবেদন করবেন যেভাবে
লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় শিক্ষকদের দক্ষতা বাড়ানোর জন্য মাধ্যমিক পর্যায়ের প্রায় ৫৪ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া দেওয়া হবে। চার বিষয়ের শিক্ষকরা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। এ প্রশিক্ষণ পরিচালনার লক্ষ্যে মাস্টার ট্রেইনার পুল গঠন করা হবে। যোগ্য ও আগ্রহী শিক্ষকদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের শিখন ত্বরান্বিতকরণের লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণের বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের সংস্থান রয়েছে। যেখানে মাধ্যমিক পর্যায়ের ৫৩ হাজার ৭৬০ জন শিক্ষকের বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ৪২ দিনব্যাপী প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রদান করা হবে।
এতে বলা হয়, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনারদের একটি পুল প্রস্তুত করা হবে। এ লক্ষ্যে মাউশির মহাপরিচালক কর্তৃক একটি প্রশিক্ষক নির্বাচন নীতিমালা অনুমোদন হয়েছে। অনুমোদিত নীতিমালা অনুযায়ী পেশাগত মানদণ্ডের ভিত্তিতে অনলাইন আবেদনকারীদের মধ্য থেকে একটি মান্টার ট্রেইনার পুল প্রস্তুত করা হবে।
এতে আরও বলা হয়, মাস্টার ট্রেইনার হিসেবে আবেদনকারীগণের অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান/কর্তৃপক্ষ কর্তৃক অগ্রায়ণপত্র দাখিল করতে হবে। অগ্রায়ণপত্রে আবেদনকারীকে মাস্টার ট্রেইনার ট্রেনিং গ্রহণের অনুমতি এবং প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে ক্লাস নেয়ার জন্য অনাপত্তি প্রদান করা হবে এই মর্মে উল্লেখ থাকতে হবে। প্রমাণক হিসেবে প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র/অফিস আদেশ (যেমন, প্রশিক্ষক হিসেবে অভিজ্ঞতা, প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র ইত্যাদি) দাখিল করতে হবে।
এতে জানানো হয়, আবেদনকারীগণকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত লিংকে আবেদন করতে হবে।