৩০ আগস্ট ২০২৬, ১৭:০৭

শিক্ষকদের আগস্টের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে সুখবর দিল মাউশি

মাউশি  © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশি জানিয়েছে, আগামীকাল সোমবার (৩১ আগস্ট) এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।

রবিবার (৩০ আগস্ট) মাউশির একটি সূত্র জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা আগস্ট মাসের বেতন-বিলের তথ্য সাবমিট করতে দেরি করায় এখনো মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো সম্ভব হয়নি। তবে আগামীকাল সোমবার এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামীকাল আগস্ট মাসের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।