২৯ আগস্ট ২০২৬, ১৮:৫১

শিক্ষকদের আগস্ট মাসের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানাল মাউশি

মাউশি  © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের আগস্ট মাসের বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ফলে যথাসময়ে বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারী। তবে দ্রুত আগস্ট মাসের বেতন-ভাতা দিতে চলতি সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর পরিকল্পনা করেছে মাউশি।

শনিবার (২৯ আগস্ট) মাউশির একটি সূত্র জানিয়েছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীদের বেতন-বিলের তথ্য সাবমিট না করায় এখনো মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো সম্ভব হয়নি। তবে চলতি সপ্তাহের শুরুর দিকে বেতন-বিলের তথ্য সাবমিটের কার্যক্রম শেষ হবে। এরপর সপ্তাহের মাঝামাঝি অথবা শেষ দিকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। প্রস্তাব যেন দ্রুত অনুমোদন হয় সেই চেষ্টা করবে মাউশি।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চলতি সপ্তাহে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিল মন্ত্রণালয়ে সাবমিট করা হবে। শিক্ষকরা যেন দ্রুত আগস্ট মাসের বেতন-ভাতা পান সেজন্য কাজ করছে মাউশি।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।