শিক্ষকদের বদলি: গুরুত্বপূর্ণ চার সমস্যা শনাক্ত করল মাউশি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের ক্ষেত্রে চারটি গুরুত্বপূর্ণ সমস্যা পেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং টেলিটক। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাউশিতে অনুষ্ঠিত সভায় এ সমস্যাগুলো সামনে এসেছে।
বৈঠক সূত্রে জানা গেছে, অনেক শিক্ষক বদলি আবেদনের জন্য আইডি-পাসওয়ার্ড পাননি। এটি সমাধান করার বিষয়ে ইতিবাচক টেলিটক ও মাউশি। এছাড়া অনেক শিক্ষকের স্পাউজের কর্মস্থল নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এটিও সমাধান করা হতে পারে। তৃতীয় সমস্যা হিসেবে ভৌত বিজ্ঞানের সাবজেক্ট সংক্রান্ত জটিলতার বিষয়টি সামনে এসেছে। এছাড়া অনেক প্রতিষ্ঠানে শূন্য পদ দেখালেও আবেদন করতে গিয়ে শূন্য না দেখানো সংক্রান্ত সমস্যা পড়েছেন। বিষয়গুলো কীভাবে সমাধান করা যায়, সেটি নিয়ে আলোচনা চলছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকদের বদলি আবেদনে যতগুলো সমস্যা সৃষ্টি হয়েছে, তার অধিকাংশই প্রতিষ্ঠান প্রধানদের কারণে হয়েছে। তবুও বিষয়গুলো কীভাবে সমাধান করা যায়, সে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।’
এর আগে ২১ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষকরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল ফোনে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বদলির আবেদন করেন। মাউশির একটি সূত্র জানায়, বুধবার বেলা ৩টা ৪০ মিনিট পর্যন্ত বদলির জন্য ১১ হাজার ৯৮৬ জন আবেদন করেছেন। আবেদনের সংখ্যা আরও বাড়বে।
গত ১৮ আগস্ট বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের—প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টরসহ সব শিক্ষক ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী বদলি করা হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় প্রস্তুত করা সফটওয়্যারের মাধ্যমে এ বদলি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।