২৭ আগস্ট ২০২৬, ১৬:৪০

বদলির আইডি-পাসওয়ার্ড না পাওয়া শিক্ষকদের সুখবর দিল মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  © টিডিসি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিও শিক্ষকদের বদলি আবেদনের আইডি-পাসওয়ার্ড না পাওয়াদের সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তাদের আইডি-পাসওয়ার্ড আবার দিতে ইতিবাচকভাবে চিন্তা করছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, টেলিটক ও এনটিআরসিএ কর্মকর্তাদের সঙ্গে চলমান সভায় আইডি-পাসওয়ার্ড না পাওয়া শিক্ষকদের আবার পাসওয়ার্ড পাঠানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে জেলা শিক্ষা কর্মকর্তা নাকি প্রতিষ্ঠানপ্রধানের কাছে আইডি-পাসওয়ার্ড পাঠানো হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সভা এখনো শেষ হয়নি। তবে আইডি-পাসওয়ার্ডের বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।’

এর আগে ২১ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষকরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল ফোনে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বদলির আবেদন করেন। মাউশির একটি সূত্র জানায়, বুধবার (২৬ আগস্ট) বেলা ৩টা ৪০ মিনিট পর্যন্ত বদলির জন্য ১১ হাজার ৯৮৬ জন আবেদন করেছেন। আবেদনের সংখ্যা আরও বাড়বে।

আরও পড়ুন: বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৩.৭৪ শতাংশ

গত ১৮ আগস্ট বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের—প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টরসহ সব শিক্ষক ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী বদলি করা হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় প্রস্তুত করা সফটওয়্যারের মাধ্যমে এ বদলি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।