বদলির আবেদনের শেষ দিন আজ, সফটওয়্যার জটিলতায় শিক্ষকদের ভোগান্তি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলির আবেদন কার্যক্রম চলছে। এরই মধ্যে প্রায় ১২ হাজার শিক্ষক বদলির জন্য আবেদন করেছেন। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই আবেদনের সময়সীমা শেষ হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, বুধবার (২৬ আগস্ট) দুপুর পর্যন্ত বদলির জন্য মোট ১১ হাজার ৯৮৬ জন শিক্ষক আবেদন করেছেন। আবেদনের শেষ সময় ঘনিয়ে আসায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনে সমস্তরের বাধার কারণে অনেক শিক্ষক আবেদন করতে পারছেন না। তাদের বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সঙ্গে।
আরও পড়ুন: শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
মাউশি ডিজি জানিয়েছেন, ‘শিক্ষকদের বদলির জন্য তৈরিকৃত নীতিমালা অনুযায়ী সফটওয়্যার তৈরি করেছে ভেন্ডর প্রতিষ্ঠান। নীতিমালা যেভাবে আছে সে অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারছেন। যারা পারছেন না তারা নীতিমালার শর্ত পূরণ করতে পারেননি। আপাতত নীতিমালা পরিবর্তনের সুযোগ নেই।’
সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল আরও বলেন, ‘এবারের মতো সফটওয়্যার আপডেটের সুযোগ আছে বলে মনে হয় না। প্রথমবার সফটওয়্যারের মাধ্যমে বদলি হচ্ছে, এজন্য অনেক ভুল থাকতে পারে। আগামীতে বিষয়গুলো সমাধান করার চেষ্টা করা হবে।’
বদলি আবেদনের সময় বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক বলেন, ‘বদলি আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে, দ্রুত সময়ের মধ্যে বদলি কার্যক্রম শুরু করার। মাউশি সেভাবেই কাজ করছে।’