সমপদে ও সমস্কেলে বদলির সুযোগ চান শিক্ষকরা, যা বলছে মাউশি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত সমপদ ও সমস্কেলে কর্মরত শিক্ষকরা বদলি আবেদের সুযোগ দাবি করেছেন। এ দাবিতে আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর আবেদন করেছেন তারা।
আবেদনে শিক্ষকরা জানিয়েছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ এর আলোকে বর্তমানে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে শিক্ষক বদলি কার্যক্রম পরিচালিত হচ্ছে। উক্ত বদলি কার্যক্রমে আমরা আমাদের নিজ জেলায় বদলির জন্য আবেদন করার সুযোগ চাই। আমাদের নিজ জেলায় একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে একই বিষয়ে সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। উক্ত শূন্য পদগুলো আমাদের বর্তমান পদের সমপদ, সমবিষয় ও সমস্কেলের হওয়ায় সেখানে বদলির জন্য আবেদন করার সুযোগ পেলে বিশেষভাবে উপকৃত হব।’
তাদের মতে, ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারে আবেদন করার ক্ষেত্রে স্কুল এন্ড কলেজ এর মাধ্যমিক শাখায় কর্মরত শিক্ষকগণকে মাধ্যমিক শাখার অন্য প্রতিষ্ঠানে একই পদ, একই বিষয় ও একই স্কেলে বদলির সুযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
শিক্ষকরা আরও জানান, ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত বদলি কার্যক্রমে স্কুল এন্ড কলেজ এর মাধ্যমিক শাখায় কর্মরত এমপিওভুক্ত সহকারী শিক্ষকদের নিজ জেলায় যে কোনো মাধ্যমিক শাখার অন্য একটি প্রতিষ্ঠানে একই পদ, একই বিষয় ও একই স্কেলে বদলির জন্য আবেদন করার সুযোগ দিতে হবে।’
শিক্ষকদের এ দাবির বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিষয়টি আমার এখতিয়ারের বাইরে। এ বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে পারবে।’