১৬ আগস্ট ২০২৬, ১৫:৩৮

শিক্ষকদের বদলি আবেদনের সময় থাকবে যতদিন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  © টিডিসি সম্পাদিত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের জন্য ১০ দিন সময় দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আবেদন নিষ্পত্তির জন্য আরও অন্তত পাঁচদিন সময় দেওয়া হতে পারে।

আজ রবিবার (১৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদনের সময়সূচি, আবেদন নিষ্পত্তি এবং অনলাইনে বদলি নিয়ে সামগ্রিক পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শিগগিরই বদলি আবেদন গ্রহণ শুরু হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আবেদনের সময় প্রাথমিকভাবে ১০ দিন রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে এটি বাড়তেও পারে। আবেদন যাচাই-বাছাইয়ের জন্য আরও পাঁচদিন সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শিক্ষকদের বদলি করা হবে।’

তিন এলাকার বাইরে বদলি আবেদন করতে পারবেন না শিক্ষকরা 
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকরা তিনটি এলাকার বাইরে বদলির জন্য আবেদন করতে পারবেন না। নির্ধারিত এলাকার বাইরে আবেদন করতে গেলে ‘আবেদন যোগ্য নন’ বলে নোটিফিকেশন দেখাবে সফটওয়্যার।

মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী-স্ত্রীর কর্মস্থলের বাইরে অন্য কোথাও বদলি আবেদন করা যাবে না। এই এলাকাগুলোর বাইরে আবেদন নেবে না সফটওয়্যার। সফটওয়্যারটি সেভাবেই প্রস্তুত করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নিজ জেলা, স্পাউজের  নিজ জেলা এবং স্পাউজের কর্মস্থলের বাইরে আবেদনের সুযোগ নেই। কেউ চাইলেও আবেদন করতে পারবেন না।’