এজি অফিস থেকে বাংলাদেশ ব্যাংকে গেল শিক্ষকদের বেতন-ভাতার বিল, পাবেন যখন
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের তথ্য এজি অফিস থেকে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। এর ফলে শিক্ষক-কর্মচারীরা আগামীকাল সোমবার থেকে জুলাই মাসের বেতন-ভাতা পেতে শুরু করবেন বলে জানা গেছে।
বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী। তিনি বলেন, অনেক চেষ্টার পর শিক্ষকদের জুলাই মাসের বেতন-বিলের তথ্য এজি অফিস থেকে বাংলাদেশ ব্যাংকে পাঠানো গেছে। আজ রাত থেকেই শিক্ষকদের মোবাইলে মেসেজ পাঠানো শুরু হতে পারে। তবে কোনো কারণে আজ না হলে আগামীকাল সোমবার থেকে শিক্ষকরা বেতন-ভাতার মেসেজ পেতে শুরু করবেন।
এর আগে মাউশির একটি সূত্র জানিয়েছিল, এজি অফিসের সংশ্লিষ্ট শাখার কয়েকজন কর্মকর্তা বদলি হয়ে গেছেন। এজন্য এখনো অর্থ ছাড়ের বিষয়টি সমাধান করা যায়নি। তবে সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে। ওই কর্মকর্তা বেতন-বিলের তথ্য আজ সন্ধ্যার মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাবেন বলে জানা গেছে।
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।