ফেসবুকে পোস্ট দেওয়ায় শিক্ষককে শোকজ মাউশির
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (৩ আগস্ট) মাউশির শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-২) মওদুদ আহম্মেদ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
শোকজপ্রাপ্ত শিক্ষক হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর কলাকান্দি আসমাতুননেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীরচর্চা) মো. আবু তালেব (ইনডেক্স: N1134733)।
আদেশে বলা হয়েছে, সহকারী শিক্ষক মো. আবু তালেব তার সাম্প্রতিক ফেসবুক পোস্টে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন বা সাইবার আইন এবং বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকগণের চাকরির শর্ত বিধিমালা, ১৯৭৯ লঙ্ঘনের অভিযোগে কেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
মাউশি তাকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জবাব পাঠানোর নির্দেশ দিয়েছে। এ বিষয়ে জারি করা আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দাখিল না করলে প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।