০১ আগস্ট ২০২৬, ১৯:৪৮

শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর দিলেন মাউশি ডিজি

অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল  © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর দিয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেছেন, বদলি কার্যক্রম শুরু করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। টেলিটকের সিগন্যাল পেলেই কার্যক্রম শুরু হবে।

শনিবার (০১ আগস্ট) সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান মাউশি ডিজি।

অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘বেসরকারি শিক্ষকরা নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। তাদের কষ্ট আমরা অনুধাবন করতে পারি। চেষ্টা করছি যেন দ্রুত তাদের নিজ জেলার কাছাকাছি পাঠানোর ব্যবস্থা করতে পারি।’

মাউশি ডিজি বলেন, ‘৯৮ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। দুই শতাংশের মতো তথ্য পাওয়া যায়নি। আমরা সব সময় টেলিটকের সঙ্গে যোগাযোগ রাখছি। টেলিটক তাদের প্রস্তুতি শেষ করার পরপরই মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বদলি আবেদনগ্রহণ করা হবে।’

বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন সব শিক্ষক
মাউশি সূত্র জানিয়েছে, বদলি আবেদনের সুযোগ সব শিক্ষকই পাবেন। অর্থাৎ সব শিক্ষককেই পাসওয়ার্ড দেওয়া হবে। তবে নিজ জেলা, স্বামী-স্ত্রীর জেলা অথবা স্বামী-স্ত্রীর কর্মস্থলের শর্ত পূরণ করা শিক্ষকরাই কেবল বদলির সুযোগ পাবেন। প্রতিটি স্কুল অথবা কলেজ থেকে দুইজন শিক্ষক বদলি হতে পারবেন। তবে একই বিষয় হলে একজন এই সুযোগ পাবেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আবেদনের সুযোগ সবাইকে দেওয়া হবে। পাসওয়ার্ডও সবাই পাবেন। তবে যতগুলো শূন্য পদ থাকবে ততজন বদলির সুযোগ পাবেন।’ 

তিন এলাকার বাইরে বদলি আবেদন করতে পারবেন না শিক্ষকরা
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকরা তিনটি এলাকার বাইরে বদলির জন্য আবেদন করতে পারবেন না। নির্ধারিত এলাকার বাইরে আবেদন করতে গেলে ‘আবেদন যোগ্য নন’ বলে নোটিফিকেশন দেখাবে সফটওয়্যার।

মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী-স্ত্রীর কর্মস্থলের বাইরে অন্য কোথাও বদলি আবেদন করা যাবে না। এই এলাকাগুলোর বাইরে আবেদন নেবে না সফটওয়্যার। সফটওয়্যারটি সেভাবেই প্রস্তুত করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নিজ জেলা, স্পাউজের  নিজ জেলা এবং স্পাউজের কর্মস্থলের বাইরে আবেদনের সুযোগ নেই। কেউ চাইলেও আবেদন করতে পারবেন না।’