২৭ জুলাই ২০২৬, ১৭:৪৮

শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন যেদিন

মাউশি  © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী আগস্ট মাসের শুরুতে তারা বেতন-ভাতা পেতে পারেন।

সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল থেকে গতকাল রবিবার জুলাই মাসের বেতন-ভাতার প্রস্তাব মাউশির প্রশাসন শাখায় পাঠানো হয়। সেখান থেকে আজ সোমবার প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সূত্রের তথ্য বলছে, শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেতে সাত কার্যদিবস লাগতে পারে। সে হিসেবে আগামী ৬ আগস্ট অথবা আগামী ৯ আগস্ট শিক্ষক-কর্মচারীরা জুলাই মাসের বেতন-ভাতা পেতে পারেন। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জুলাই মাসে ৩ লাখ ৯২ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী ১০ জুলাইয়ের মধ্যে তারা জুলাই মাসের বেতন-ভাতা পেতে পারেন।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।