শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে যা বলছে মাউশি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন চূড়ান্ত অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে এ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।
বুধবার (২২ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট স্কুল-কলেজের বেতন বিল সাবমিট করেছেন। প্রাপ্ত তথ্য যাচাইয়ের কার্যক্রম চলছে। আগামীকাল দুপুরের মধ্যে এ কার্যক্রম শেষ করতে পারলে কালই প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে কোনো কারণে কার্যক্রম শেষ করতে দেরি হলে প্রস্তাব আগামী সপ্তাহের মাঝামাঝি পাঠানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জুলাই মাসের বেতনের প্রস্তাব পাঠানোর প্রস্তুতি চলছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে প্রস্তাব পাঠানো সম্ভব হবে।’
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।