২২ জুলাই ২০২৬, ১২:২৯

জাল সনদে অভিযুক্ত ৬৩ শিক্ষককে শুনানির জন্য ডাকল মাউশি, তালিকা দেখুন এখানে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর  © টিডিসি সম্পাদিত

জাল সনদের অভিযোগে অভিযুক্ত কলেজ পর্যায়ের ৬৩ শিক্ষককে ব্যক্তিগত শুনানির জন্য ডেকেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বা জবাব না দেওয়ায় তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে এ শুনানির আয়োজন করা হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) মাউশির কলেজ শাখা-৩ থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়। মাউশির উপপরিচালক শফি মাহমুদ স্বাক্ষরিত ওই আদেশে শিক্ষকদের শুনানির তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কেন এমপিও বাতিল বা স্থগিত করা হবে না, তা জানতে আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে শিক্ষকদের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য ব্যক্তিগত শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্ধারিত দিনে সংশ্লিষ্ট শিক্ষক ও তাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষকে শিক্ষা ভবনের ৩১৭ নম্বর কক্ষে সশরীরে উপস্থিত থাকতে হবে।

অফিস আদেশ অনুযায়ী, ২৬ জুলাই, ২৭ জুলাই, ২৮ জুলাই, ৩০ জুলাই এবং ২ আগস্ট পর্যায়ক্রমে এই শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিটি শুনানি শুরু হবে সকাল ১০টায়। মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) কার্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

শুনানির সময় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদন, সংশ্লিষ্ট শিক্ষকের সনদ এবং নিয়োগসংক্রান্ত সব কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। পাশাপাশি অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত এসব নথির দুই সেট ফটোকপিও জমা দিতে হবে।

মাউশি জানিয়েছে, কোনো শিক্ষক এরই মধ্যে পদত্যাগ, বরখাস্ত, মৃত্যু বা অন্য কোনো কারণে প্রতিষ্ঠানে কর্মরত না থাকলে অধ্যক্ষকে তার প্রমাণপত্রসহ শুনানিতে উপস্থিত হতে হবে।

বিস্তারিত তালিকা দেখুন এখানে