লোগো-রিলস-মাসকট বানিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেওয়ার সুযোগ শিক্ষক-শিক্ষার্থীদের
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের নিকট থেকে লোগো, থিম সং, মাসকট, স্লোগান ও রিলস আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রবিবার (২০ জুলাই) অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. মহিউদ্দিন ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগামী ২৮ জুলাইয়ের মধ্যে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে bpmgoldcup@gmail.com ঠিকানায় ই-মেইলে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং পাঠাতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, লোগো PNG, JPG অথবা JPEG ফরম্যাটে জমা দিতে হবে। রিলস তৈরি করে উল্লেখিত ই-মেইলে পাঠাতে হবে এবং তা অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে নির্মিত হতে হবে। থিম সং অডিও ও ভিডিও—উভয় ফরম্যাটে পাঠাতে হবে। একইভাবে মাসকট ও স্লোগান ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে।
এছাড়া, জমা দেওয়া প্রতিটি কাজের সঙ্গে অংশগ্রহণকারীর সচল মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরির প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন।
এর আগে যারা লোগো, রিলস ও থিম সং জমা দিয়েছেন তাদের নতুন করে সেগুলো পাঠানোর প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।