০৯ জুলাই ২০২৬, ১৫:৩০

শিক্ষাপ্রতিষ্ঠানে তামাক কোম্পানির সিএসআর কার্যক্রম বন্ধের নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর  © ফাইল ছবি

তামাক কোম্পানি কর্তৃক সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন নিষিদ্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অঞ্চলের পরিচালকসহ সংশিষ্টদেরকে এ চিঠি দেওয়া হয়েছে। এতে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’-এর ‘ধারা-৫(৩)’-এর বিধান প্রতিপালন নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়। এর আগে গত ১৮ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। 

চিঠিতে বলা হয়েছিল, তরুণ প্রজন্মকে তামাকের ভয়াবহ ক্ষতি থেকে সুরক্ষা প্রদানের স্বার্থে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা-৫(৩)-এ প্রদত্ত ‘সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর’ সংক্রান্ত বিধানের কার্যকর বাস্তবায়ন নিশ্চিতকল্পে দুটি কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তলিয়েছে বাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান, বন্ধ পড়াশোনাও—এইচএসসি নিয়ে কী ভাবছে কর্তৃপক্ষ

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, ‘সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) নামে তামাক কোম্পানির সব কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধের আইনগত বিধানটি সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রধান এবং সংশ্লিষ্ট অন্যান্যদের অবহিতকরণসহ প্রতিপালন নিশ্চতকরণের সুস্পষ্ট নির্দেশনা দেয়া। 

মাঠ পর্যায়ে বিষয়টি মনিটরিং ও বিধানের লঙ্ঘন পরিলক্ষিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়েছে।