শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর দিল মাউশি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তথ্য অনুযায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্য যাচাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। সমস্যা না থাকা প্রতিষ্ঠানগুলোর তথ্য জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানোও শুরু হয়েছে।
সোমবার (২৯ জুন) মাউশির এক কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গতকাল রবিবার সব প্রতিষ্ঠানের তথ্য দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। এখন উপজেলা কর্মকর্তারা তথ্যগুলো যাচাই-বাছাই করবে। অসম্পূর্ণ তথ্য থাকলে সেটি সংশোধন করার নির্দেশনা দেবেন শিক্ষা কর্মকর্তা।’
কতদিন এই কার্যক্রম চলবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘উপজেলা কর্মকর্তাদের সময় বেধে দেওয়া আছে। ওই সময়সীমার মধ্যেই সব তথ্য যাচাই করে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে। এরপর জেলা থেকে সেটি মাউশির আঞ্চলিক কার্যালয়ে আসবে। অঞ্চল থেকে যাচাই শেষ হলে পরবর্তীতে আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করা হবে।’
এদিকে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন আগামী ২০ জুলাই থেকে শুরুর পরিকল্পনা করেছে মাউশি। আবেদন শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে।
মাউশির একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদন শুরুর পরিকল্পনা অনুযায়ী আগামী ২০ জুলাই থেকে আবেদনগ্রহণ শুরু হবে। যা চলবে ২৫ জুলাই পর্যন্ত। এরপর জুলাই মাসের শেষ দিকে অথবা আগস্ট মাসের শুরুতে শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের অর্থাৎ নিজ জেলা কিংবা স্বামী-স্ত্রীর কর্মস্থলে যেতে পারবেন।
এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৫ জুলাই পর্যন্ত তথ্য ভেরিফাই এবং চূড়ান্তকরণ চলবে। এরপর বদলি আবেদন শুরু হবে। আমরা জুলাইয়ের মধ্যেই শিক্ষকদের বদলি করতে চাই।’
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘আগামী ২০ জুলাই থেকে শিক্ষকদের বদলি আবেদনগ্রহণ শুরুর পরিকল্পনা করা হয়েছে। ২৫ জুলাই পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হতে পারে। এরপর ৩ থেকে ৭ দিনের মধ্যে শিক্ষকদের নিজ জেলায় যাওয়ার অর্থাৎ বদলির সুযোগ দেওয়া হতে পারে।’