২৩ জুন ২০২৬, ১৮:৫১

শিক্ষকদের জুন মাসের বেতন কবে, যা বললেন মাউশি ডিজি

অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল  © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেছেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের প্রস্তাব ২৬ জুনের আগে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হবে বলে মনে হচ্ছে না। এখনো অনেক প্রতিষ্ঠান বেতনের তথ্য সাবমিট করেনি।’

মঙ্গলবার দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে মাউশি ডিজি বলেন, ‘যত দ্রুত সম্ভব শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন দেওয়ার চেষ্টা করবো। এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল থেকে বেতনের হিসেবে শেষ হওয়া মাত্র তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করবো। তবে বেতন কবে ছাড় হবে সে বিষয়ে মন্ত্রণালয় ভালো বলতে পারবে।’

জুনের ৮ তারিখে শিক্ষকরা মে মাসের বেতন পেয়েছেন। জুনের বেতনও কি ৮ জুলাইয়ের মধ্যেই পাবে- এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল আরও বলেন, ‘এটি আমাদের উপর নির্ভর করে না। আমরা প্রস্তাব পাঠানোর পর বেতনের জিও জারি এবং এজি অফিসের অনুমোদন করতে কতদিন লাগে সেটির উপর নির্ভর করছে। তবে আমাদের চেষ্টা থাকবে দ্রুত বেতন ছাড় করার।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।