১২৭৪৭২ শিক্ষক-কর্মচারীর বিল সাবমিট বাকি, যে পরামর্শ দিল মাউশি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-বিল সাবমিটের কার্যক্রম শেষ হবে আগামীকাল সোমবার। তবে এখনো এক লাখ ২৭ হাজার ৪৭২ জনের বিল সাবমিট হয়নি। এ অবস্থায় দ্রুত বেতন-ভাতার বিল সাবমিটের পরামর্শ দেওয়া হয়েছে।
রবিবার (২১ জুন) বিকেলে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন।
তিনি জানান, ‘৬ হাজার ১৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ২৭ হাজার ৪৭২ জনের বিল সাবমিট হয়নি। আগামীকাল সোমবার রাত ১২টার মধ্যে জুন-২০২৬ মাসের এমপিও বিল সাবমিট সম্পন্ন করতে হবে।’
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।