বদলি সফটওয়্যারে একসঙ্গে লক্ষাধিক হিট, ভোগান্তির শিকার শিক্ষকদের যে পরামর্শ মাউশির
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলির তথ্য সংগ্রহ আজ বুধবার (১০ জুন) শেষ হচ্ছে। তথ্য দেওয়ার শেষ দিনে আজ দুপুরে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী একসঙ্গে সফটওয়্যারে হিট করেন। তবে তাদের অধিকাংশই সফল হননি। তথ্য দিতে না পারা এসব শিক্ষককে সময় শেষ না হওয়া পর্যন্ত চেষ্টা করার পরামর্শ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)।
সরেজমিনে মাউশিতে গিয়ে জানা যায়, আজ বুধবার বেলা আড়াইটার দিকে একসঙ্গে ও একই সময়ে এক লাখের ওপরে শিক্ষক তথ্য দেওয়ার চেষ্টা করেন। ফলে সফটওয়্যার স্লো হয়ে যায়। এরপরই অনেক শিক্ষক সমস্যা সমাধানের জন্য মাউশির সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেন।
রাজধানীর আগারগাঁও থেকে আসা এক শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের প্রায় সবার তথ্য ও ইনডেক্স নম্বর ঠিক থাকার পরও সফটওয়্যার সাবমিট নিচ্ছে না। বিষয়টি মাউশির বেসরকারি স্কুল ও কলেজ বিভাগে জানালে বলেন, সাবমিট করে যেতে।’
আরও পড়ুন: ৯০ দিনে ৩০ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, উচ্চশিক্ষার নেতৃত্বে আরও পরিবর্তন আসছে
বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে মাউশির একাধিক কর্মকর্তা বলেছেন, শিক্ষকরা অনেকেই আগে তথ্য দেননি। আজ শেষ দিনে সবাই একসঙ্গে তথ্য দেওয়ার চেষ্টা করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বদলির জন্য তথ্য তাদের দিতেই হবে। এ জন্য সময় শেষ হওয়া পর্যন্ত চেষ্টা করার পরামর্শ দিয়েছেন তারা। সময় বাড়ানোর কোনও চিন্তা আপাতত নেই বলেও তারা জানিয়েছেন।