০৭ জুন ২০২৬, ১৭:৩৯

শিক্ষকদের বর্ধিত বাড়ি ভাড়া নিয়ে যা বলছে মাউশি

মাউশি  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া দুই ধাপে ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। প্রথম ধাপে সাড়ে ৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে। আসন্ন জুলাই থেকে দ্বিতীয় ধাপে আরও সাড়ে ৭ শতাংশ বৃদ্ধির কথা থাকলেও এ বিষয়ে মন্ত্রণালয় থেকে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। 

বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অর্থ ও ক্রয় শাখার পরিচালক প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারীর সঙ্গে। তিনি জানিয়েছেন, ‘শিক্ষকদের ১৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি জানা নেই। যখন এ সিদ্ধান্ত হয়েছিল, তখন আমি মাউশিতে ছিলাম না। আগামীকাল সোমবার বিষয়টি খোঁজ নিয়ে জানাতে পারবো।’

গত বছরের ২১ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়।

ওইদিন মন্ত্রণালয়ের জারি করা সম্মতিপত্রে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরো ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।