২৪ মে ২০২৬, ১৯:০৯

শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে যা জানালেন মাউশি ডিজি

প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল  © টিডিসি ফটো

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির জন্য ডিও লেটার দিয়েছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে সেই ডিও লেটার কাজে আসেনি। বাড়েনি শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা।

আসন্ন ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেটে উৎসব ভাতা বাড়বে কিনা সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। যদিও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সরকার।

আসন্ন বাজেটে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়বে কিনা সে বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সঙ্গে। তিনি বলেছেন, ‘শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষ-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি পাবে।’

প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ আরও বলেন, ‘আমার ধারণা আসন্ন বাজেটে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে আমার ধারণা উৎসব ভাতা বাড়বে।’

শিক্ষকদের বদলি প্রসঙ্গে মাউশি ডিজি বলেন, ‘শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার এ বিষয়ে আন্তরিক। আমরা একটি সফটওয়্যার প্রস্তুত করেছি। আসন্ন ঈদুল আজহার পর ডাটা সংগ্রহ শুরু হবে।’

শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে শুরু হতে পারে—এমন প্রশ্নের জবাবে মাউশি ডিজি বলেন, ‘জুন মাসের মধ্যে শিক্ষকদের ডাটাবেজ সংগ্রহের কাজ শেষ হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন এবং সরকারের নির্দেশনা মোতাবেক বদলির আবেদনের কার্যক্রম শুরু হবে।’